বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? নিশ্চয় গুগল, যা ইন্টারনেট দুনিয়ার সবারই জানা। তবে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিনের তালিকা করতে পারাটা অনেকের জন্যই কঠিন হবে। গুগল ছাড়াও বেশকিছু সার্চ ইঞ্জিন আছে। যেগুলোর গুগলের মতো পরিচিতি নেই। প্রতিদিন লাখ লাখ অনুসন্ধান ফলাফল দিচ্ছে এসব প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন নিয়ে আয়োজন-
গুগল
ইন্টারনেট দুনিয়ায় গুগলকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। বিভিন্ন বিষয়ে অনুসন্ধানের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গুগল। সামগ্রিকভাবে বৈশ্বিক অনুসন্ধানসেবা খাতের ৭৪ দশমিক ৫২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে মার্কিন এ প্রতিষ্ঠান।
এছাড়া মোবাইল এবং ট্যাবলেট অনুসন্ধানসেবা খাতের ৯৩ শতাংশ দখলে নিয়ে একক আধিপত্য বিস্তার করে আছে গুগল।
বিং
মাইক্রোসফটের বিং দ্বিতীয় শীর্ষ সার্চ ইঞ্জিন। বর্তমানে অনুসন্ধানসেবা খাতের ৭ দশমিক ৯৮ শতাংশ বিংয়ের দখলে রয়েছে।
বৈশ্বিক অনুসন্ধানসেবা খাতে গুগলের বড় প্রতিদ্বন্দ্বী বিং। তবে এখন পর্যন্ত কোনো বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে গুগলের চেয়ে ভালো ফলাফল দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
ইয়াহু
২০১১ সালের অক্টোবর থেকে ইয়াহু সার্চ পরিচালিত হচ্ছে বিংয়ের দ্বারা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবাদাতা মনে করা হয় ইয়াহুকে। গুগল ও বিংয়ের মতো যে কোনো বিষয়ের অনুসন্ধানে সংশ্লিষ্ট ফলাফল দিতে না পারায় পিছিয়ে পড়ে একসময়ের ইন্টারনেট পাইওনিয়ার খ্যাত ইয়াহু।
গত বছর ভেরাইজনের কাছে নিজেদের ইন্টারনেট ব্যবসা বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি।
আস্ক ডটকম
বিশ্বব্যাপী অনুসন্ধানসেবা দাতা এ প্রতিষ্ঠান আগে আস্ক জিভস নামে বেশি পরিচিত ছিল। বর্তমানে অনুসন্ধানসেবা খাতের দশমিক শূন্য ৫ শতাংশ এ প্রতিষ্ঠানের দখলে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রশ্ন-উত্তর ফরমেটে ফলাফল প্রদর্শন করে। এতে সাধারণ অনুসন্ধান অপশনও আছে। তবে ফলাফল প্রদর্শনের মানের দিক থেকে গুগল, বিং বা ইয়াহুর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।
এওএল ডটকম
ভেরাইজন কমিউনিকেশন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান এওএল। বৈশ্বিক অনুসন্ধানসেবা খাতের দশমিক শূন্য ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষ ১০ সার্চ ইঞ্জিন তালিকায় জায়গা করে নিয়েছে এওএল ডটকম। এ সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে এনগ্যাজেট ডটকম, টেকক্রাঞ্চ ডটকম এবং দ্য হাফিংটন পোস্ট ডটকমের মতো বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট।
বাইদু
২০০০ সালে প্রতিষ্ঠিত বাইদু চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বৈশ্বিক অনুসন্ধান খাতে এ প্রতিষ্ঠানের দখল ক্রমান্বয়ে বাড়ছে।
উইকিপিডিয়ার তথ্যমতে, প্রতি মাসে শতকোটির বেশি অনুসšানের বিপরীতে ফলাফল দিচ্ছে বাইদু। বর্তমানে অ্যালেক্সা র্যাংকিংয়ে সার্চ ইঞ্জিন হিসেবে শীর্ষ চারে এ প্রতিষ্ঠানের অবস্থান।
উলফ্রামআলফা
বিদ্যমান সার্চ ইঞ্জিনগুলোর থেকে আলাদা উলফ্রামআলফা। কম্পিউটেশনাল নলেজ ইঞ্জিন হিসেবে এ প্রতিষ্ঠানকে পরিচয় করানো হয়। বিভিন্ন টপিকের ওপর প্রকৃত ঘটনা এবং তথ্যের অনুসন্ধান পাওয়া যায় উলফ্রামআলফাতে।
ডাকডাকগো
অন্য সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক বেশি সুবিধা রয়েছে ডাকডাকগোতে। ক্লিন ইন্টারফেজের এ সার্চ ইঞ্জিনের একটি ভালো দিক হলো, ইউজার ডাটা ট্র্যাক করে না।
এতে অনুসন্ধানের সময় কোনো বিজ্ঞাপনের ঝামেলা নেই। প্রাইভেট ব্রাউজিংয়ের পাশাপাশি রয়েছে আরো বেশকিছু চমৎকার ফিচার।
ইন্টারনেট আর্কাইভ
ইন্টারনেট আর্কাইভ সার্চ ইঞ্জিন আর্কাইভ ডটঅর্গ নামেও পরিচিত।
এ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে ১৯৯৬ সালের দিকে ওয়েবসাইট কেমন ছিল। কোনো একটি ডোমেনের ইতিহাস ট্র্যাক করার জন্য এ সার্চ ইঞ্জিনকে কার্যকর টুল মনে করা হয়। এখানে অনুসন্ধানে মিলবে গত দেড় দশকে একটি ডোমেনের কী ধরনের পরিবর্তন হয়েছে।
ইয়ানডেস্ক
রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়ানডেস্ক। এটি ইন্টারনেটে বিশ্বের জনপ্রিয় ৩০টি ওয়েবসাইটের অন্যতম।
১৯৯৭ সালে কার্যক্রম শুরু করে ইয়ানডেস্ক। এ সার্চ ইঞ্জিনে লজিক্যাল ফরম্যাটে অনুসন্ধান ফলাফল মিলবে। গুগলের মতো ইয়ানডেস্কে মেইল, ভিডিও, ইমেজ, ম্যাপসহ বিভিন্ন সেবা মিলবে।

Post a Comment

0 Comments